ট্রাম্পকে হত্যার স্লোগানে ইরানে তীব্র ক্ষোভ

ট্রাম্পকে হত্যার স্লোগানে ইরানে তীব্র ক্ষোভ

আন্তজার্তিক ডেস্ক : July 06, 2026

ইরানের পরলোকগত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার দাবিতে উত্তাল হয়ে উঠেছে তেহরান।

 

 তেহরানের ইমাম খোমেনী গ্র্যান্ড মোসাল্লা প্রান্তরজুড়ে সমবেত লাখো মানুষের মুখে প্রতিধ্বনিত হয়েছে 'ট্রাম্পকে হত্যা করো' স্লোগান।

 

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী আলী খামেনেই এবং তার পরিবারের চার সদস্য। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ চার মাস বিলম্বের পর অবশেষে ইরানে সপ্তাহব্যাপী এই রাষ্ট্রীয় শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।  

 

প্রতিশোধের লাল পতাকা ও স্লোগান

জানাজার নামাজের আগে থেকে শুরু করে পুরো অনুষ্ঠানজুড়ে এক আবেগঘন রাজনৈতিক আবহ তৈরি হয়। সমবেত জনতার হাতে ছিল ইরানের জাতীয় পতাকা এবং প্রতিশোধের প্রতীক 'লাল পতাকা'। সেই সঙ্গে খামেনির ছবি ও ট্রাম্প-নেতানিয়াহুর গুপ্তহত্যার ডাক দেওয়া পোস্টার-গ্রাফিতিতে ছেয়ে যায় চারপাশ।  

অনুষ্ঠানের সঞ্চালক তথা প্রখ্যাত ইরানি কবি মোহাম্মদ রাসুলি লাউডস্পিকারে জনতার উদ্দেশ্যে বলেন, 'আমরা আপনার রক্তের কসম খেয়ে বলছি, ট্রাম্পের হত্যা এখন আমাদের দায়িত্ব। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটি কেন এখনও বেঁচে থাকবে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ জায়গা নয়।' তার এই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে পুরো মাঠ একযোগে স্লোগান দিতে শুরু করে।

 

মুদি দোকানে কর্মরত ২৯ বছর বয়সী গোলামরেজা সাবুনি নামের এক ইরানি যুবক সংবাদমাধ্যমকে বলেন, 'আমি এখানে এসেছি ক্ষোভ প্রকাশ করতে এবং প্রতিশোধের দাবি তুলতে। তারা আমাদের ইমামকে হত্যা করেছে, আমাদেরও উচিত তাদের নেতা ট্রাম্পকে হত্যা করা।' সূত্র: এনডিটিভি

Share This