৭ নভেম্বরের বিপ্লব জাতিকে দেখিয়েছিল নতুন পথের দিশা: রিজভী

৭ নভেম্বরের বিপ্লব জাতিকে দেখিয়েছিল নতুন পথের দিশা: রিজভী

নিজস্ব প্রতিবেদক : November 07, 2026

৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব শক্তিশালী করার অঙ্গীকার খুঁজে পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে গোটা জাতি নতুন করে পথের দিশা পেয়েছিল।

শনিবার (৭ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি মাত্র দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। বাকশাল প্রতিষ্ঠা ও আইন প্রণয়নের মাধ্যমে জনগণের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে নিজেদের মধ্যে সংঘাত ও রক্তপাতের ঘটনায় দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো দেশ অনিশ্চয়তা ও অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে।

তিনি বলেন, সে সময় দেশের মানুষের প্রত্যাশা ছিল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্র ফিরে পাওয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই আকাঙ্ক্ষা পূরণ করেছিলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ২৩ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হয়। এতে স্বাধীনভাবে বিকশিত হওয়ার স্বপ্ন ও আকাঙ্ক্ষা হতাশায় পরিণত হয়। দেশজুড়ে আতঙ্ক, অরাজকতা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে।

রিজভীর ভাষ্য, ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তি লাভ করেন। তাঁর মুক্তির মধ্য দিয়ে গোটা জাতি আবার নতুন করে পথের দিশা খুঁজে পায়।

জিয়াউর রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনে এগিয়ে যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়। একই সঙ্গে দেশের মানুষ বহুদলীয় গণতন্ত্র ফিরে পায়।

Share This