আর্মি ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আর্মি ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : August 03, 2026

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মূল্যবোধভিত্তিক আধুনিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রতিষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

 

সোমবার (৩ আগস্ট) রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। একই সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। পরিবর্তিত সময়ের চাহিদা বিবেচনায় আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে আদর্শ, জ্ঞানসম্পন্ন এবং নেতৃত্বগুণে সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি কুরআন-সুন্নাহভিত্তিক নৈতিক শিক্ষা নিশ্চিত করা হবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটে। এর মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

এছাড়া শিক্ষা, আদর্শ ও চরিত্র গঠনের উৎকৃষ্ট কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানটি জাতীয় ও বৈশ্বিক পরিসরে দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This