নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগ করলেন সুইডিশ প্রধানমন্ত্রী ক্রিস্টারসন

নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগ করলেন সুইডিশ প্রধানমন্ত্রী ক্রিস্টারসন

আন্তজার্তিক ডেস্ক : September 19, 2026

সুইডেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন ডানপন্থী জোটকে হারিয়ে অল্প ব্যবধানে জয় পেয়েছে মধ্য-বামপন্থী বিরোধী জোট ‘সোশ্যাল ডেমোক্র্যাটস’। এই পরাজয়ের পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন।

 

রবিবারের (১৩ সেপ্টেম্বর) নির্বাচনের প্রাথমিক ফলাফলে দুই জোটের মধ্যে মাত্র ৫০ হাজার ভোটের ব্যবধান দেখা যাওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ক্রিস্টারসন বলেন, ‘নতুন সরকার গঠনের প্রক্রিয়া অবিলম্বে শুরু করার উদ্দেশ্যে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।’

 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ক্ষমতাসীন ডানপন্থী জোট ‘মডারেট পার্টি’কে বাইরে থেকে সমর্থন জুগিয়ে আসছিল অভিবাসনবিরোধী বিতর্কিত দল ‘সুইডেন ডেমোক্র্যাটস (এসডি)’। ক্রিস্টারসন এবার নির্বাচনে জিতলে তাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

 

তবে ২০১০ সালে সংসদে আসার পর এবারই প্রথম ভোট কমেছে দলটির। ২০২২ সালের তুলনায় তাদের জনসমর্থন প্রায় ৩ শতাংশ পয়েন্ট কমে যাওয়ায় বড়সড় ধাক্কা খেয়েছে ডানপন্থী দলটি।

ভোটে জয়ের পর ইনস্টাগ্রামে দেওয়া এক ভাষণে বিরোধী নেত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেন, সুইডেনের জনগণ দেশের জন্য এক নতুন দিকনির্দেশনার পক্ষে স্পষ্ট রায় দিয়েছে। চার বছর বিরোধী দলে থাকার পর তিনি পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাচ্ছেন।

 

সরকার গঠনের উদ্দেশ্যে তিনি ইতিমধ্যে লেফট পার্টি, সেন্টার পার্টি এবং গ্রিন পার্টির সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছেন। তবে করনীতি ও অর্থনীতিসহ একাধিক নীতিগত বিষয়ে দলগুলোর মধ্যে বড় মতপার্থক্য থাকায় নতুন জোট সরকার গঠনে কিছুটা বিলম্ব হতে পারে।

নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর সুইডিশ রিক্সডাগের স্পিকার প্রতিটি রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন এবং নতুন প্রধানমন্ত্রীর প্রার্থীর নাম সংসদে প্রস্তাব করবেন, যার ওপর ভিত্তি করে পরবর্তীতে ভোট অনুষ্ঠিত হবে।

Share This