ইউক্রেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি দক্ষিণ কোরিয়ার

ইউক্রেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি দক্ষিণ কোরিয়ার

আন্তজার্তিক ডেস্ক : October 02, 2026

উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দীকে দক্ষিণ কোরিয়ায় পাঠানোর বিষয়টি প্রকাশ করায় ইউক্রেনের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেছে সিউল। 

 

শুক্রবার (২ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এ দাবি জানান।

 

তিনি বলেন, ইউক্রেন ক্ষমা না চাইলে আরো পদক্ষেপ নেওয়া হবে।

 

সিএনএ জানায়, লি অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা না করেই ইউক্রেন যুদ্ধবন্দীদের দক্ষিণ কোরিয়ায় পাঠানোর বিষয়টি প্রকাশ করেছে। তার দাবি, বিষয়টি গোপন রাখা জরুরি ছিল। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, উত্তর কোরিয়ার দুই সেনাকে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে ইউক্রেন।

 

তিনি বলেন, ওই দুই সেনাকে জীবিত আটক করা সহজ ছিল না। জাতিসংঘে জেলেনস্কির বক্তব্যের কয়েক ঘণ্টা পর বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন লি। দক্ষিণ কোরিয়ার দাবি, যুদ্ধবন্দীদের স্বজনদের সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষা করতে তাদের পরিচয় ও স্থানান্তরের বিষয়টি গোপন রাখা গুরুত্বপূর্ণ ছিল। এরপর ইউক্রেনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানায় সিউল।

 

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লি বলেন, ইউক্রেন যদি বিষয়টির সত্যতা স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানায়, তাহলে দক্ষিণ কোরিয়া আরো পদক্ষেপ নেবে। লি আরো অভিযোগ করেন, ইউক্রেন তাকে ‘মিথ্যাবাদী’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তিনি বলেন, বিষয়টি দক্ষিণ কোরিয়া ও দেশটির জনগণের মর্যাদার সঙ্গে জড়িত। তাই এটি উপেক্ষা করার সুযোগ নেই। এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের সংবাদমাধ্যম আরবিসি-ইউক্রেনসহ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার একটি সাক্ষাৎকারের কথাও উল্লেখ করেন লি।

 

সাক্ষাৎকারে সিবিহা বলেন, তিনি বিষয়টিকে কোনো ‘ঘটনা’ হিসেবে দেখতে চান না। তার ভাষায়, এটি একটি ‘কূটনৈতিক ভুল বোঝাবুঝি’। সিবিহা আরো বলেন, দক্ষিণ কোরিয়া ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ একটি দেশ। দুই দেশের মধ্যে সহযোগিতা আরো বাড়বে এবং চলমান সহযোগিতা থেকে আরো বাস্তব ফল পাওয়া যাবে বলে তিনি আশা করেন।

Share This