মোহাম্মদপুরে ধর্ষণ মামলার আসামি কথিত পীর সোহেল রানা গ্রেপ্তার

মোহাম্মদপুরে ধর্ষণ মামলার আসামি কথিত পীর সোহেল রানা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : November 15, 2026

রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোড এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি ও কথিত পীর মোঃ সোহেল রানাকে (৪৬) গ্রেপ্তার করেছে এসআরবি-২।

শনিবার (১৪ নভেম্বর) রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-২ সূত্রে জানা যায়, সোহেল রানা মোহাম্মদপুরের নুরজাহান রোড এলাকার একটি বাসায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আভিযানিক দল। পরে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী একজন সাংস্কৃতিক কর্মী। তার স্বামীর ব্যবসায়িক পরিচয়ের সূত্র ধরে কথিত পীর সোহেল রানার সঙ্গে তাদের পরিচয় হয়। পরে শারীরিক অসুস্থতার চিকিৎসার কথা বলে ভুক্তভোগীকে মোহাম্মদপুরের নুরজাহান রোডের একটি বাসায় ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সোহেল রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলাটি ১১ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা হয়। মামলা নম্বর ৩২। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় মামলাটি করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share This