শহীদ জিয়া মহিলা কলেজের সভাপতি হলেন সাঈদুল হোসেন সাহেদ

শহীদ জিয়া মহিলা কলেজের সভাপতি হলেন সাঈদুল হোসেন সাহেদ

নিজস্ব প্রতিবেদক : May 18, 2026

ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজ-এর গভর্নিং বডির সভাপতি হিসেবে সাঈদুল হোসেন সাহেদকে মনোনীত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক আদেশের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

সাঈদুল হোসেন সাহেদ বর্তমানে বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশন-এর সভাপতি এবং আজকাল পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং ডাকসু সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রথম জাতীয় চলচ্চিত্র উৎসব কমিটির আহ্বায়ক ছিলেন।

ডাকসুর মুখপত্র ‘ছাত্রবার্তা’র সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর হাতে ছাত্রবার্তার বিশেষ সাময়িকী তুলে দেন।

পেশাগত জীবনে সাঈদুল হোসেন সাহেদ দৈনিক দিনকাল পত্রিকায় সাব-এডিটর এবং বাংলাদেশ টেলিভিশন-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘দৃষ্টিকোণ’-এর গবেষক হিসেবে কাজ করেছেন।

শিক্ষানুরাগী হিসেবেও রয়েছে তার বিশেষ পরিচিতি। ২০০৭ সালে মিরপুর বাংলা স্কুলের শিক্ষানুরাগী সদস্য থাকাকালে মাত্র ১০ মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে উচ্চ মাধ্যমিক কলেজে উন্নীত করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

Share This