আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : September 22, 2026

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

একই দিন পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সৌহার্দ্যপূর্ণ আবহাবলয়ে অনুষ্ঠিত এ দ্বিপক্ষীয় সাক্ষাৎকালে রাশিয়ান রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা বিধান এবং পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের সার্বিক কার্যক্রমে গভীর সন্তোষ প্রকাশ করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে রাশিয়ান রাষ্ট্রদূতের প্রস্তাবকে স্বাগত জানান।

পেশাগত মানোন্নয়নে আইজিপি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেন। দুই দেশের উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত ডায়ালগ, আন্তর্জাতিক পর্যায়ের উত্তম চর্চা এবং পারস্পরিক তথ্য বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তা সম্পর্কিত আধুনিক ও উচ্চতর বিষয়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের রাশিয়ায় উচ্চশিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের জন্য রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) চিকিৎসাসেবা ও সার্বিক সক্ষমতা বাড়াতে রাশিয়ান সরকারের কারিগরি ও অবকাঠামোগত সহায়তা চান আইজিপি।

দ্বিপক্ষীয় এ সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share This