চলতি মাসের প্রথম ৬ দিনে এলো ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ৬ দিনে এলো ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক : October 08, 2026

চলতি বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ হাজার ৭৪৯ কোটি টাকা।গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাস আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।

 

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দেশে ১ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। অক্টোবরের প্রথম ছয় দিনে মোট প্রবাস আয় দাঁড়িয়েছে ৬৩ কোটি মার্কিন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৫৫ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাস আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সপ্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯২২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের একই সময়ে প্রবাস আয় বেড়েছে ১০৮ কোটি ৪০ লাখ ডলার বা ১৩ দশমিক ৩০ শতাংশ।

প্রবাস আয়ের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ ডলারবাজারে চাপ কমানোর পাশাপাশি দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যেও সহায়ক ভূমিকা রাখছে।

Share This