র‍্যাবকে জনবান্ধব বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

র‍্যাবকে জনবান্ধব বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : May 18, 2026

আগামী দিনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-কে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৮ মে) রাজধানীর উত্তরায় র‍্যাব ফোর্সেস সদর দপ্তরে র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাবকে আধুনিক, জবাবদিহিমূলক ও মানবাধিকারসম্মত বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে সদস্যদের দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নিশ্চিতকরণ, মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ এবং অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গুরুত্বারোপ।

তিনি জানান, র‍্যাব সদস্যদের জন্য চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় একটি বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবর্তিত অপরাধ পরিস্থিতি মোকাবিলায় সময়োপযোগী কৌশল গ্রহণের মাধ্যমে বাহিনীর সক্ষমতা আরও বাড়ানো হবে।

মন্ত্রী আরও বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে জনআস্থা অর্জন, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করা এবং পেশাগত নৈতিকতা বজায় রেখে নিরাপদ সমাজ গঠনে র‍্যাবকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে দ্রুত র‍্যাব আইন প্রণয়ন এবং বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “কোনো প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার বেআইনি কর্মকাণ্ডের দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো যায় না। প্রতিষ্ঠানগুলোকে তাদের সুনাম ও গৌরব অক্ষুণ্ণ রেখে কাজ করতে হবে। সরকারের পক্ষ থেকে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।”

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে একটি এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। সেই বিবেচনায় র‍্যাবের বিদ্যমান আইন সংশোধন করে এটিকে যুগোপযোগী ও বিশ্বমানের বাহিনীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে র‍্যাবের নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

মন্ত্রী দাবি করেন, ২০০১ সালে বিএনপি সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব গঠন করা হয়েছিল। তবে পরবর্তীতে “ফ্যাসিবাদী সরকার” রাজনৈতিক উদ্দেশ্যে বাহিনীটিকে ব্যবহার করায় প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য, পলিসি ও স্ট্র্যাটেজি এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির এবং স্বাগত বক্তব্য দেন র‍্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।

এ সময় তিন বাহিনীর প্রধানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This