বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ওসমানী স্বর্ণপদক প্রদান

বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ওসমানী স্বর্ণপদক প্রদান

নিজস্ব প্রতিবেদক : October 08, 2026

যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে বিএসসি (অনার্স) ইন অ্যারোনটিক্স ও বিবিএ প্রোগ্রামে সর্বোচ্চ একাডেমিক কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক ও সনদপত্র প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫ ও ৮৬ বাফা কোর্সের পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে ওসমানী স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক ও সনদপত্র প্রদান করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

 

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, একাডেমিক উৎকর্ষতা একজন কর্মকর্তার পেশাগত জীবনের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করে। জ্ঞানার্জনের কোনো শেষ নেই উল্লেখ করে তিনি বলেন, অর্জিত জ্ঞান সময়ের সঙ্গে প্রজ্ঞায় রূপ নেয় এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

 

তিনি তরুণ কর্মকর্তাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখার পাশাপাশি অর্জিত জ্ঞান কর্মজীবনে যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানান।

 

বিমান বাহিনীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বিমান বাহিনী প্রধান বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব দায়িত্ব সফলভাবে পালনে উচ্চমানের প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা ও পেশাদারিত্ব অপরিহার্য।

 

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে প্রশিক্ষণ ও শিক্ষার মানোন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

 

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এএইউবি) ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগণ, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, কমান্ড্যান্ট, ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি, বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্টসহ বিমান সদর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This