নাড়ির টানে ঝুঁকি নিয়েই ট্রেনের ছাদে বাড়ি ফিরছে মানুষ

নাড়ির টানে ঝুঁকি নিয়েই ট্রেনের ছাদে বাড়ি ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক : May 27, 2026

আগামীকাল বৃহস্পতিবার ঈদুল আজহা। ঈদের ঠিক আগ মুহূর্তে রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। আজ ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঘরমুখো মানুষের চাপ লক্ষ করা গেছে। তিল ধারণের ঠাঁই নেই ট্রেনের ছাদেও। বৃষ্টি উপেক্ষা করে পলিথিন মুড়িয়ে গাদাগাদি করে ট্রেনের ছাদে চড়ে গন্তব্যে রওনা দেন অনেকে।

বুধবার সকালে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে ময়মনসিংহগামী বলাকা ও কমিউটার এক্সপ্রেস ট্রেনে এমন চিত্র দেখা গেছে। জীবনের মায়া তুচ্ছ করে ট্রেনের ইঞ্জিনের ছাদ, বগির ভেতর, দুই বগির মাঝখানে, বগির ছাদ- সব জায়গায় ছিল মানুষ আর মানুষ।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল মঙ্গলবার গাজীপুরের সব শিল্পকারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ বুধবার সকালের দিকে রেলস্টেশনে প্রচুর যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী দুটি ট্রেন স্টেশনে আসার আগেই হাজার হাজার যাত্রী প্ল্যাটফর্মে অবস্থান নেন। ট্রেন দুটি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় যাত্রীতে পূর্ণ হয়ে। ট্রেনটি স্টেশনে থামতেই যে যার মতো জীবনের ঝুঁকি নিয়ে উঠতে শুরু করেন। ইঞ্জিন, দুই বগির মাঝখানে দরজার হাতলে সব জায়গায় ছিল মানুষ আর মানুষ। এরপরও অনেক যাত্রী ট্রেনে উঠতে পারেননি।

জামালপুরের যাত্রী রোকসানা আমিন বলেন, তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যেতে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এসেছিলেন। টিকিট সংগ্রহ করলেও ভিড়ের কারণে ট্রেনে ওঠা সম্ভব হয়নি। তাই এখন বিকল্প পথে যাওয়ার চিন্তা করছেন।

ময়মনসিংহের যাত্রী আব্দুল হামিদ বলেন, তিনি একটি কারখানায় চাকরি করেন। বাসে ভাড়া অনেক বেশি। টাকা বাঁচাতে ময়মনসিংহ যেতে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আসেন। ট্রেনটিতে ভিড় অনেক বেশি থাকায় তার পক্ষে ট্রেনে ওঠা সম্ভব হয়নি।

স্টেশনে অপেক্ষমাণ অন্য যাত্রীরা জানান, প্রতি ঈদে কয়েক গুণ যাত্রীর চাপ বেড়ে যায়। অনেক ক্ষেত্রে সুবিধামতো বাসও পাওয়া যায় না। সড়ক পথে যেতে সময় লাগে কয়েক গুণ বেশি। নিরাপদ যাত্রার জন্য অনেকেই বেছে নেন রেলপথ। কিন্তু ট্রেনেও থাকে না তিল ধারণের ঠাঁই।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার মো. মাহামুদুল হাসান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ট্রেনগুলোয় যাত্রীর চাপ বহু গুণ বেড়ে গেছে। গতকালও একই চিত্র ছিল। ময়মনসিংহগামী কমিউটার এক্সপ্রেস ট্রেন ও বলাকা ট্রেন ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে যথাসময়ে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে গেছে।

Share This