পাকিস্তানে সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণ এড়ানোর পরামর্শ

পাকিস্তানে সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণ এড়ানোর পরামর্শ

আন্তজার্তিক ডেস্ক : January 26, 2026

পাকিস্তানের কোনো কোনো অংশে ভারি তুষারপাত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে দেশটির আবহাওয়া বিভাগ (পিএমডি) ২৬ থেকে ২৭ জানুয়ারি  দেশের ওপরের অংশে রাস্তা বন্ধ এবং ভূমিধসের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে।

এক বিবৃতিতে, আবহাওয়া অফিস বলেছে, আগামী কয়েক দিনের মধ্যে, ভারি তুষারপাতের কারণে নারান, কাঘান, দির, সোয়াত, কালাম, চিত্রাল, কোহিস্তান, মানসেহরা, অ্যাবোটাবাদ, শাংলাসহ উপরের অংশের রাস্তা বন্ধ বা পিচ্ছিল অবস্থার সৃষ্টি হতে পারে।

এতে আরও সতর্ক করা হয় যে ‘এই সময়কালে খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান এবং কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে ভূমিধস, তুষারধসের উচ্চ সম্ভাবনা রয়েছে।’

এদিকে, পিএমডি পর্যটকদের আগামী দুই দিন অতিরিক্ত সতর্ক থাকার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে।

সংবাদমাধ্যম ডন জানায়, ভারি তুষারপাত এবং ভূমিধসের কারণে কেপি, বেলুচিস্তান, জিবি এবং আজাদ কাশ্মীর (এজেকে) জুড়ে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। সেখানকার রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, যাত্রীরা আটকা পড়েছেন এবং হিমায়িত তাপমাত্রার মধ্যে বিদ্যুৎ ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এর আগে শুক্রবার, চিত্রালে তুষারপাতের কারণে একটি পরিবারের অন্তত নয়জন সদস্যের মৃত্যু হয়েছে।

Share This