রাজনৈতিক পরিচয়ে অপরাধে আপস নয়: বাণিজ্যমন্ত্রী

রাজনৈতিক পরিচয়ে অপরাধে আপস নয়: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : November 14, 2026

রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে কারও প্রতি বিরূপ মনোভাব পোষণ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, তবে রাজনীতির পরিচয় ব্যবহার করে যারা সন্ত্রাস, দখলদারত্ব, নির্যাতন ও মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে পরিচালনা করতে হবে। কোনোভাবেই এসব অপরাধের ক্ষেত্রে আপস করা যাবে না। সরকারি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

 

মন্ত্রী বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির সমস্যা নয়; এটি তার পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক ক্ষতিকর। সমাজে সংঘটিত অপরাধের একটি উল্লেখযোগ্য অংশের সঙ্গে মাদকের সম্পৃক্ততা রয়েছে। অন্যদিকে অনলাইন জুয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অনলাইন জুয়ার কারণে অনেকেই সারাদিনের উপার্জন হারাচ্ছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে তাদের পরিবারে, বিশেষ করে স্ত্রী ও সন্তানদের ওপর। তাই মাদক ও অনলাইন জুয়াসংক্রান্ত মামলাগুলোতে সরকারি আইন কর্মকর্তাদের বিশেষ সতর্কতা ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

 

সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা পিপি আশিক উদ্দিন, পিপি মমিনুল ইসলাম মমিনসহ আইনজীবী ফোরামের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Share This