বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির যা প্রত্যাশা

বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির যা প্রত্যাশা

আন্তজার্তিক ডেস্ক : October 15, 2026

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও তাদের ওপর সাম্প্রতিক বিভিন্ন ‘সহিংসতার’ অভিযোগের সঠিক তদন্ত বা সুরাহা দাবি করেছে ভারত। একইসঙ্গে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশ সরকার যথাযথ গুরুত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবেলা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে নয়াদিল্লি।

বুধবার (১৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তাদের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাদের সরকারের এ প্রত্যাশা ব্যক্ত করেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এক বিবৃতিতে দাবি করেছে, গত তিন মাসে দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর খুনসহ ১৪১টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখনও একজনকেও গ্রেপ্তার করা হয়নি। একই বিষয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের সংগঠনগুলো আগেও তাদের উদ্বেগ প্রকাশ করেছিল।এ বিষয়ে ওই সাংবাদিক ভারতের অবস্থান জানতে চান।

 

জবাবে জয়সওয়াল বলেন, “আমাদের প্রত্যাশা বাংলাদেশ সরকার এ ধরনের বিষয়গুলোর সুরাহা করবে।”

একই ব্রিফিংয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক সাংবাদিক দিল্লিতে আয়োজিত আঞ্চলিক জোট ‘বিমসটেক’-এর প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করেন।

জবাবে জয়সওয়াল বলেন, “বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে যে প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছে, তা ইতিবাচক নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে মূল্যায়ন করেছে দিল্লি।

বৈঠক শেষে যৌথভাবে গৃহীত ‘দিল্লি ঘোষণার’ কথা স্মরণ করিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “বিমসটেকভুক্ত অঞ্চলজুড়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলা, সীমান্ত দিয়ে মাদকপাচার প্রতিরোধ এবং অর্থ পাচারবিরোধী কার্যক্রমে পারস্পরিক সমন্বয় জোরদার করতে সব দেশ একমত হয়েছে। ঢাকার অংশগ্রহণ আঞ্চলিক এই নিরাপত্তা চুক্তিকে আরো বেগবান করবে বলে ভারতের আশা।”

ব্রিফিংয়ে সম্প্রতি সৌদি আরবের বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামোতে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা ও প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানান জয়সওয়াল। এই ধরনের কর্মকাণ্ড ‘একদমই অগ্রহণযোগ্য’ মন্তব্য তিনি বিদেশে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে দিল্লির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

গত শনিবার সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত হন।

আহত হন তিন শতাধিক মানুষ। আহতদের মধ্যে ১১ জন ভারতীয় নাগরিক।

 

Share This