বিশ্ব ফুটবলে কাতার বিশ্বকাপে অন্যতম বড় চমক ছিল মরক্কো। আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া সেই দল এবার আবারও বিশ্বমঞ্চে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে প্রস্তুতি শুরু করেছে। আসন্ন ফিফা বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি।
ঘোষিত দলে জায়গা পেয়েছেন কাতার বিশ্বকাপের সাফল্যের অন্যতম ৯ ফুটবলার। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে সাজানো এই দলকে ঘিরে আবারও স্বপ্ন দেখছে মরক্কোর ফুটবল সমর্থকরা।
দলের সবচেয়ে বড় ভরসা হিসেবে আছেন গোলরক্ষক ইয়াসিন বুনো। রক্ষণভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক আশরাফ হাকিমি ও নায়েফ আগের্ড। মাঝমাঠে রয়েছেন পরিশ্রমী সোফিয়ান আমরাবাত ও আজ্জাদ্দিন উনাহি। আক্রমণভাগে ব্রাহিম দিয়াজ, সুফিয়ান রাহিমি ও আবদে ইজ্জালজুলিদের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
স্কোয়াড ঘোষণার পর কোচ মোহামেদ ওয়াহবি জানিয়েছেন, শুধুমাত্র অতীতের সাফল্যের ভিত্তিতে দল নির্বাচন করা হয়নি। সাম্প্রতিক পারফরম্যান্স ও প্রস্তুতি ক্যাম্পের মূল্যায়নের ওপর ভিত্তি করেই চূড়ান্ত দল গঠন করা হয়েছে।তিনি বলেন, কাতার বিশ্বকাপ মরক্কোর ফুটবলের জন্য একটি স্মরণীয় অধ্যায় হলেও সামনে এগিয়ে যাওয়ার জন্য নতুন পরিকল্পনা ও প্রতিযোগিতা প্রয়োজন। মরক্কোর ফুটবলে এখন প্রতিভাবান খেলোয়াড়ের সংখ্যা অনেক বেড়েছে, তাই প্রতিটি পজিশনে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে।
২৬ সদস্যের এই স্কোয়াডে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ ফুটবলারও সুযোগ পেয়েছেন। ফলে ভবিষ্যতের দল গঠনের দিকটিও মাথায় রেখেছে মরক্কো ফুটবল ফেডারেশন।মরক্কোর ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার:
ইয়াসিন বুনো, মুনির এল কাজউই ও আহমেদ রেদা তাগনাউতি।
ডিফেন্ডার:
নুসের মাজরাউই, আনাস সালাহ-এদিন, ইউসেফ বেলাম্মারি, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওয়াহদি, নায়েফ আগের্ড, শাদি রিয়াদ, রেদুয়ান হালহাল ও ইসা দিওপ।
মিডফিল্ডার:
সমীর এল মুরাবিত, আইয়ুব বুয়াদ্দি, নিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, আজাদ্দিন উনাহি, বিলাল এল খানোস ও ইসমায়েল সাইবারি।
ফরোয়ার্ড:
আবদে ইজ্জালজুলি, শেমশাদিন তালবি, সুফিয়ান রাহিমি, আইয়ুব এল কাওবি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন গেসিম ও আইয়ুব আমাইমুনি।