ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে এক প্যাকেট ‘মেলোডি’ টফি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতার নাম মিলিয়ে নেট দুনিয়ায় বহুল ব্যবহৃত ভাইরাল হ্যাশট্যাগ ‘মেলোডি’র প্রতি ইঙ্গিত করেই মোদি এই কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, নীল রঙের স্যুট পরিহিত ভারতের প্রধানমন্ত্রী এবং সাদা স্যুট পরিহিত ইতালির প্রধানমন্ত্রী হাসিমুখে দাঁড়িয়ে আছেন। এ সময় মোদি মেলোনির হাতে ভারতের আইকনিক ‘মেলোডি’ চকলেটের একটি প্যাকেট তুলে দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি শেয়ার করে ইতালির প্রধানমন্ত্রী লিখেছেন, ‘উপহারের জন্য ধন্যবাদ।’
ভিডিওতে মেলোনিকে হাসতে হাসতে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য একটি উপহার এনেছেন...খুব, খুবই ভালো টফি।’ দুই নেতার এই মজার মুহূর্তের ভিডিওটি পোস্ট করার মাত্র এক ঘণ্টার মধ্যে নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টার মধ্যেই এটি প্রায় ১০ লাখ ভিউ পাওয়ার পাশাপাশি ৬০ হাজারেরও বেশি রিঅ্যাকশন এবং প্রায় ৫ হাজার মন্তব্য কুড়ায়।
মুহূর্তের মধ্যে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আলোড়ন সৃষ্টি করে এবং ব্যবহারকারীরা এটিকে ‘অনবদ্য #মেলোডি ক্রসওভার’ হিসেবে আখ্যায়িত করেন। মিনিটের মধ্যেই এক্স এবং ইনস্টাগ্রাম স্ক্রিনশট, মিম ও এডিট করা ভিডিওতে সয়লাব হয়ে যায়। ইন্টারনেটের অন্যতম দীর্ঘস্থায়ী এই রাজনৈতিক মিম সম্পর্কে মোদির এমন সচেতনতার প্রশংসাও করছেন অনেকে।
মূলত মোদি ও মেলোনির পদবি মিলিয়ে তৈরি হওয়া ‘#মেলোডি’ ট্রেন্ডটি গত প্রায় তিন বছর ধরে চলে আসছে। ২০২৩ সালে দুবাইতে কপ২৮ জলবায়ু সম্মেলনের সময় এই শব্দবন্ধটি প্রথম ব্যাপক জনপ্রিয়তা পায়। সে সময় মেলোনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সেলফি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন, ‘কপ২৮-এ ভালো বন্ধুরা #মেলোডি।’ সেই একটি পোস্টই ইন্টারনেট দুনিয়ায় মিমের বন্যা বইয়ে দিয়েছিল। এরপর থেকে জি৭ সম্মেলনসহ আন্তর্জাতিক মঞ্চের যেকোনও বৈঠকেই এই দুই নেতার পারস্পরিক মিথস্ক্রিয়া নিয়ে ‘ফ্যান এডিট’, কৌতুক ও রিঅ্যাকশন পোস্টের মাধ্যমে হ্যাশট্যাগটি বারবার ফিরে এসেছে।
অনেক ভারতীয় ব্যবহারকারীর জন্য এই মুহূর্তটি এক ধরনের নস্টালজিয়া বা পুরোনো স্মৃতিকেও জাগিয়ে তুলেছে। পার্লে প্রোডাক্টসের তৈরি ক্যারামেল ও চকলেটের মিশ্রণের এই ‘মেলোডি’ চকলেটটি ভারতের অন্যতম চেনা একটি ব্র্যান্ড। এর বিখ্যাত বিজ্ঞাপনী স্লোগান, ‘মেলোডি ইতনি চকলেটিকা কিউ হ্যায়?’ (মেলোডি এত চকলেটি কেন?) ভারতীয়দের কাছে অত্যন্ত পরিচিত এবং এটি পপ কালচার ও ইন্টারনেট রসবোধের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।
পাঁচ দেশ সফরের কূটনৈতিক সফরের পঞ্চম ও শেষ পর্যায়ে রোমে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোদি এই ভাইরাল উপহারটি দেন। ইতালির রাজধানীতে পৌঁছানোর পরপরই মোদি প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজে অংশ নেন এবং পরে তার সঙ্গে ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন। এ সময় রোমে বসবাসরত ভারতীয় প্রবাসীরা মোদিকে অভ্যর্থনা জানান।