ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সদস্য দেশগুলোকে নিজেদের জাতীয় মুদ্রায় বাণিজ্য পরিচালনা করার আহ্বান জানান এবং ডলার-নির্ভরতা কমানোর তাগিদ দেন পেজশকিয়ান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়া দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনে এসব কথা বলেন দুই নেতা। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুই নেতার মধ্যে এটি দ্বিতীয় বৈঠক।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংকট নিরসনে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধানের জন্য কূটনীতি ও আলোচনাই একমাত্র পথ। পাশাপাশি সমুদ্রপথে চলাচলকারী নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পণ্যবাহী জাহাজের জন্য নিরাপদ সমুদ্রপথ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে ভারত।
যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বিরুদ্ধে নতুন করে 'অপারেশন ইকোনমিক আউটকাস্ট' নামের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ সৃষ্টির অভিযানের মধ্যে পেজেশকিয়ানের এই ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ব্রিকস বিজনেস ফোরামে দেওয়া বক্তব্যে ইরানি প্রেসিডেন্ট মার্কিন আধিপত্য ও সামরিক আগ্রাসনের তীব্র সমালোচনা করেন। তিনি সদস্য দেশগুলোকে নিজেদের জাতীয় মুদ্রায় বাণিজ্য পরিচালনা করার আহ্বান জানান এবং ডলার-নির্ভরতা কমানোর তাগিদ দেন।
এর আগে গত ৩১ আগস্ট বিশকেকে এসসিও সম্মেলনের ফাঁকেও এই দুই নেতা দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হয়েছিলেন। সেখানে মধ্যপ্রাচ্যের সহিংসতা থামাতে ভারতের কূটনৈতিক প্রভাব ব্যবহারের অনুরোধ জানিয়েছিলেন ইরানি প্রেসিডেন্ট।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও ইরানের মধ্যে বহু পুরোনো ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এবং ব্রিকস অংশীদার হিসেবে দুই দেশ যৌথ সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।