ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলায় সমালোচনার মুখে মন্ত্রী

ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলায় সমালোচনার মুখে মন্ত্রী

আন্তজার্তিক ডেস্ক : August 31, 2026

ভারতে কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির ‘ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ মন্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। তার মন্তব্যের পর মন্ত্রিসভা থেকে তাকে সরানোর দাবি জানিয়েছে বিরোধী দল বিজেপি।

 

দলটির দাবি, মন্ত্রীকে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে, তা না হলে পদত্যাগ করতে হবে।

কোপ্পল জেলার কুকনূরে মুসলিম সম্প্রদায়ের আয়োজিত একটি গণবিবাহ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রায়ারেড্ডি ইসলামকে মহান ও মানবিক ধর্ম হিসেবে বর্ণনা করেন।

 

তিনি বলেন, ইসলাম বিজ্ঞানভিত্তিক একটি ধর্ম এবং মানুষকে কীভাবে জীবনযাপন করতে হয়, তা শেখায়। তিনি আরও বলেন, ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে।

 

তবে বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘যারা ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, তারা ভুল ধারণা করেন এবং ভুল মতামত তৈরি করেন। আমি বলতে চাই, ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এর শুরুই হয় মানবতা দিয়ে।

 

রায়ারেড্ডি আরও বলেন, কোরআন নিয়ে তার খুব বেশি পড়াশোনা নেই এবং আব্রাহামিক ধর্মগুলো নিয়েও তার গভীর অধ্যয়ন নেই। তিনি নিয়মিত মন্দির বা মঠে যান না বলেও জানান। তবে বিভিন্ন ধর্ম ও ইতিহাস নিয়ে তিনি পড়াশোনা করেন বলে দাবি করেন।

এদিকে মন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে কর্ণাটক বিজেপি। দলের রাজ্য সভাপতি আর অশোক মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের কাছে এ বিষয়ে জবাব দাবি করেছেন। তার অভিযোগ, মন্ত্রীর মন্তব্য হিন্দুধর্মকে ছোট করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আর অশোক ডিকে শিবকুমারের মন্দির দর্শনের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, নিজের মন্ত্রিসভার একজন মন্ত্রী যখন সনাতন হিন্দুধর্ম ও মন্দির নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, তখন মুখ্যমন্ত্রী কেন নীরব থাকছেন।

রায়ারেড্ডিকে তার মন্তব্য প্রত্যাহার করে রাজ্যের হিন্দুদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিজেপির এই নেতা। তিনি বলেন, মন্ত্রী ক্ষমা না চাইলে মুখ্যমন্ত্রীকে তাকে মন্ত্রিসভা থেকে সরানোর প্রতিশ্রুতি দিতে হবে।

আর অশোক অভিযোগ করেন, রায়ারেড্ডি মঠ ও মন্দিরে না যাওয়ার কথা বলে রাজ্যের লাখো হিন্দুর বিশ্বাসের কেন্দ্রগুলোকে ছোট করেছেন। একই সঙ্গে ইসলামকে অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ বলে মন্তব্য করে তিনি সনাতন ধর্মকে অবমাননা করেছেন বলেও অভিযোগ করেন বিজেপি নেতা।

বিজেপির মুখপাত্র অশোক গৌড়া অভিযোগ করেন, মন্ত্রী ও কংগ্রেস সরকার নিজেদের ভোটারদের খুশি করার চেষ্টা করছে। তিনি রায়ারেড্ডিকে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পড়ার পর নিজের সিদ্ধান্তে আসার আহ্বান জানান।

রায়ারেড্ডি এর আগে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি মাসের শুরুতে মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি ডিকে শিবকুমারের মন্ত্রিসভায় যোগ দেন।

রায়ারেড্ডির এই মন্তব্যের দুই দিন আগেই দুর্নীতির অভিযোগের মধ্যে বিজেপির চাপের মুখে মন্ত্রী বি নাগেন্দ্র পদত্যাগ করেন। ফলে অল্প সময়ের ব্যবধানে কর্ণাটকের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারে নতুন করে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য নিউজ মিনিট এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

Share This