আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করার কয়েক সপ্তাহ পর অক্টোবরের আন্তর্জাতিক সূচির প্রীতি ম্যাচগুলোর জন্য আর্জেন্টিনা দলে জায়গা পেয়েছেন লিওনেল মেসি।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া নিশ্চিত করেছেন, প্রীতি ম্যাচগুলোর একটিতে বিদায়ী উপস্থিতির জন্য এই সুপারস্টারকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাপিয়া বলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের দলের আইকন ও অধিনায়ক লিওনেল মেসিকে ৬ অক্টোবর এখানে আর্জেন্টিনায় তার প্রাপ্য বিদায়ী ম্যাচ খেলতে আমন্ত্রণ জানিয়েছি।’
আন্তর্জাতিক সূচিতে আর্জেন্টিনার ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ৬ অক্টোবর বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে ম্যাচে মেসি খেলবেন।
আর্জেন্টিনা ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে খেলবে। এরপর বুয়েনস আইরেসে গিয়ে ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে।
বিশ্বকাপের ফাইনালের পর স্পেনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা পাওয়ায় লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা এই ম্যাচগুলোতে খেলতে পারবেন না।