অনলাইন জুয়া-অর্থপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

অনলাইন জুয়া-অর্থপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : November 16, 2026

অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহেল রানা (২৬)। 

রবিবার (১৫ নভেম্বর) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুরের পাঁচপীর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, গ্রেপ্তার সোহেল রানার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) নিয়মিত অনলাইন মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পর্যবেক্ষণ করতে গিয়ে সংঘবদ্ধ একটি চক্রের অবৈধ জুয়া পরিচালনা ও অর্থপাচারের তথ্য পায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চক্রটি আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। এসব জুয়ার অর্থ লেনদেনে বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নম্বর এবং ব্যাংক হিসাব ব্যবহার করা হতো।

দেশের বিভিন্ন এলাকায় নিয়োজিত এজেন্টদের মাধ্যমে জুয়ার অর্থ সংগ্রহ করে কমিশন রেখে অবশিষ্ট অর্থ ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করত চক্রটি।

এ ঘটনায় সিআইডির সাইবার পুলিশ সেন্টারের পক্ষ থেকে পল্টন মডেল থানায় একটি মামলা করা হয়। ১৯ মে ২০২৬ তারিখে দায়ের করা মামলাটির নম্বর ২৪। সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০(২), ২১(২), ২৪(২) ও ২৭(২) ধারায় মামলাটি করা হয়। পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি।

তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখার একটি দল অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে।

সিআইডি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত দেশীয় ও আন্তর্জাতিক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।

Share This