মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের আওতাধীন শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটি কমিটি গঠন করেছে মাউশি।
সোমবার (১৭ আগস্ট) মাউশি অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নির্দেশিকার পরিপন্থি, আপত্তিকর, বিভ্রান্তিকর, অসত্য, নেতিবাচক কিংবা দাপ্তরিক শৃঙ্খলাবিরোধী কোনো পোস্ট নজরে এলে তা ‘সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি’র কাছে পাঠাতে হবে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে মাউশির পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন উইং) অধ্যাপক টিপু সুলতানকে।
অফিস আদেশে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্দেশিকা ও সরকারি আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করা আবশ্যক। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ জারি করা হয়েছে।
মাউশির আওতাধীন ‘শিক্ষা পরিবারের’ সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ওই নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করছেন কিনা, তা পরিবীক্ষণের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।