দিল্লির দুই স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ৪ জনের

দিল্লির দুই স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ৪ জনের

আন্তজার্তিক ডেস্ক : November 06, 2026

ভারতের রাজধানী দিল্লিতে শুক্রবার দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে করোলবাগের গাফফার মার্কেটের একটি দোকানে ভয়াবহ আগুন লাগে।

অন্যদিকে মঙ্গোলপুরি শিল্প এলাকার একটি জুতা তৈরির কারখানায় আগুনে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। 

 

ইন্ডিয়া টুডে জানায়, শুক্রবার সকালে করোলবাগের গাফফার মার্কেটের ১৩ নম্বর ব্লকের চেইন ওয়ালি গলির পুরি প্লাজায় আগুন লাগে। এ সময় ভবন থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আগুন নেভাতে দমকল বাহিনীর ২২টি ইউনিট কাজ করে। এ ছাড়া পানি সরবরাহের জন্য অতিরিক্ত গাড়ি ও আলোর সরঞ্জামও ঘটনাস্থলে পাঠানো হয়।

সর্বশেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলায় থাকা একটি মোবাইল ফোনের ব্যাটারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অতিরিক্ত চার্জ দেওয়ার কারণে কোনো ব্যাটারি থেকে আগুন লাগতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে ভবন ঠান্ডা করার কাজ শেষ হলে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।

 

এদিকে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দিল্লির মঙ্গোলপুরি শিল্প এলাকার প্রথম ধাপের একটি জুতা তৈরির কারখানায় আগুন লাগে। কারখানাটির ঠিকানা বি-২৯৩/২৯৪।

এ সময় কারখানার ভেতর থেকে ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় কারখানার ভেতরে ২০ থেকে ২৫ জন ছিলেন। তাদের মধ্যে ১৮ থেকে ১৯ জন বের হতে পারলেও ছয়জন ভেতরে আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করা হয়।

Share This