সাংবাদিক মাসুদা খাতুনকে হুমকি, ডিআরইউর নিন্দা ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

সাংবাদিক মাসুদা খাতুনকে হুমকি, ডিআরইউর নিন্দা ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক : August 12, 2026

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও নিউজ২৪-এর সিনিয়র ক্রাইম রিপোর্টার সাংবাদিক মাসুদা খাতুন (মাসুদা লাবনী)কে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময়ে হুমকি, হয়রানি ও হামলার শিকার হচ্ছেন। সর্বশেষ সাংবাদিক মাসুদা খাতুনকে তেজস হালদার যশ নামের এক ব্যক্তি ধারাবাহিকভাবে মোবাইল ফোনে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

তারা বলেন, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে কোনো বিষয়ে প্রতিবেদন প্রকাশ বা প্রচারের কারণে একজন সাংবাদিককে ভয়ভীতি দেখানো কিংবা প্রাণনাশের হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা যেমন বিঘ্নিত হয়, তেমনি মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়।

বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ সাংবাদিক মাসুদা খাতুনের করা সাধারণ ডায়েরির অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে ওই সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।

ডিআরইউ নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালন করতে হবে।

Share This