নির্বাচন-পরবর্তী সময়ে দেশের কোথাও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ বা হয়রানির ঘটনা ঘটলে তা সরাসরি কেন্দ্রীয় হটলাইনে জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ দ্রুত নথিভুক্ত ও যাচাইয়ের জন্য এই নির্দেশনা দিয়েছেন।
শনিবার দুপুর ১টায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান বলেন, বিশেষ করে জামায়াতে ইসলামী, ১১ দলীয় জোট, স্বতন্ত্র প্রার্থী কিংবা ভিন্নমত পোষণকারী নাগরিকদের ওপর কোনো ধরনের সহিংসতা বা হয়রানির ঘটনা ঘটলে তা দ্রুত এই হটলাইনে জানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
জামায়াত আমির বলেন, কেন্দ্রীয়ভাবে চালু করা হটলাইনের নম্বর হলো— ০৯৬৩৯-১১১৪৪৪। অভিযোগ জানানোর সময় অভিযোগকারীর নাম, পরিচয় বা দায়িত্ব, মোবাইল নম্বর, সংশ্লিষ্ট সংসদীয় আসন, অভিযোগের ধরন এবং ঘটনার বিস্তারিত বিবরণ উল্লেখ করার জন্য অনুরোধ করা হয়েছে, যাতে বিষয়টি যথাযথভাবে যাচাই করা সম্ভব হয়।
ডা. শফিকুর রহমান নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং প্রতিটি ঘটনার প্রমাণ সংরক্ষণ করতে হবে। প্রাপ্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন হলে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করা হবে। পাশাপাশি এসব ঘটনা দেশ-বিদেশের গণমাধ্যমেও তুলে ধরা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।