বাংলাদেশি দুই কূটনীতিক প্রসঙ্গে জয়সওয়ালের নতুন মন্তব্য

বাংলাদেশি দুই কূটনীতিক প্রসঙ্গে জয়সওয়ালের নতুন মন্তব্য

আন্তজার্তিক ডেস্ক : July 25, 2026

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে নতুন নিয়োগ করা দুই কর্মকর্তাকে নিয়ে করা প্রশ্নের জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন তারা।

শুক্রবার (২৪ জুলাই) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনে দুই জন প্রেস অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। যাদের অতীতে ভারতবিরোধী ও বিতর্কিত পোস্ট দিতে দেখা গেছে। এ বিষয়ে ভারতের কোনও প্রতিক্রিয়া আছে কি না?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা দেখেছি যে নতুন অফিসার নিয়োগ করা হয়েছে। আমাদের বিষয়টি জানানো হয়েছে এবং আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে এখানকার হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’

সংবাদ সম্মেলনে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের আসন্ন ঢাকা সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কি না এবং এই সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে জয়সওয়াল জানান, এ বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই।

আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, বিষয়টি নিয়ে পরে কথা বলবেন।

Share This