ইরান চুক্তি করতে চাইছে: ট্রাম্প

ইরান চুক্তি করতে চাইছে: ট্রাম্প

আন্তজার্তিক ডেস্ক : May 06, 2026

ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন চুক্তিতে আসার চেষ্টা করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, অর্থনৈতিক ও সামরিক চাপের মুখে থাকা দেশটি এখন কেবল টিকে থাকার লড়াই চালাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে মঙ্গলবার (৫ মে) এসব তথ্য জানা গেছে।

মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, যুদ্ধ পরিস্থিতি তৈরি না হলে ইরান এত দিনে পুরো অঞ্চল নিজেদের দখলে নিয়ে নিত। তবে বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতির ওপর ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে তিনি দাবি করেন।

হরমুজ প্রণালির বর্তমান অবস্থা সম্পর্কে ট্রাম্প বলেন, "পুরো পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে। ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো একটি দুর্ভেদ্য দেয়ালের মতো কাজ করছে। এই অবরোধকে চ্যালেঞ্জ করার সাহস এখন আর কারো নেই।" এই অর্থনৈতিক চাপকে 'দুর্দান্ত সফল' হিসেবেও আখ্যা দেন তিনি।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে হামলার ঘটনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, জাহাজটিতে গুলি চালানো হলেও সেটি চলাচলে সক্ষম ছিল। তবে আক্রান্ত জাহাজটি যুক্তরাষ্ট্রের পাহারায় থাকা কোনো বহরের অংশ ছিল না বলেও তিনি স্পষ্ট করেন।

কথাবার্তায় ইরানের একরোখা ও দ্বিমুখী আচরণের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান মূলত চুক্তি করতেই চায়। তারা আমার সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে আলোচনা করে, কিন্তু সমস্যা হলো জনসম্মুখে বা টেলিভিশনে তারা সেটি অস্বীকার করে বলে যে কোনো কথা হয়নি।

তেহরানের বর্তমান সামরিক শক্তির সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক বাহিনী কার্যত ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি বলেন, "যখন কোনো দেশের সামরিক সক্ষমতা ভেঙে পড়ে, তখন তারা চুক্তির পথই খোঁজে। বর্তমান পরিস্থিতিতে আমরা তাদের সাথে যেকোনো শর্তেই এগোতে পারি।

Share This