হরমুজ প্রণালীকে ইরানের জলসীমার ‘অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেন মোহসেনি-এজেই।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হরমুজ প্রণালী ইরানের ভূখণ্ড ও সীমান্ত এলাকার অবিচ্ছেদ্য অংশ। এই কৌশলগত জলপথে কোনো ধরনের ‘দুঃসাহসিকতা’ চালানোর চেষ্টা করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে।
ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে ভিত্তিহীন দাবি করে মোহসেনি-এজেই বলেন, আন্তর্জাতিক আইন ও জাতীয় সার্বভৌমত্বের নীতি অনুযায়ী হরমুজ প্রণালীর ওপর ইরানের অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক ও সামরিক লড়াইয়ের কঠিন ময়দানে ট্রাম্প একজন ‘পরাজিত ব্যক্তি’। তাঁর ভাষায়, ট্রাম্পের বক্তব্য ‘ভার্চুয়াল ভাঁওতাবাজি ও অর্থহীন কথাবার্তা’ ছাড়া কিছু নয়।
ইরানের এই কর্মকর্তা সতর্ক করে বলেন, ঔদ্ধত্য দেখিয়ে কেউ হরমুজ প্রণালীতে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না। তাঁর দাবি, শত শত কোটি ডলারের বিমানবাহী রণতরী যা অর্জন করতে পারেনি, কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও বক্তৃতার মাধ্যমে সেটিও অর্জন করা সম্ভব নয়।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে এই জলপথ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।