হরমুজ প্রণালিতে ইরানের টোল আদায় অবৈধ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে ইরানের টোল আদায় অবৈধ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তজার্তিক ডেস্ক : May 22, 2026

হরমুজ প্রণালিতে ইরানের টোল আদায়ের পরিকল্পনাকে ‘সম্পূর্ণ অবৈধ ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে ইরান যদি হরমুজ প্রণালিতে টোল আদায়ের বিষয়ে অনড় থাকে, তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো চুক্তি সম্ভব হবে না বলে হুশিঁয়ারি দিয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার মায়ামি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। 

 

রুবিও জানান, ইরানের এই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে এবং বিষয়টি নিরাপত্তা কাউন্সিলে তোলার প্রক্রিয়াও চলছে। এই প্রস্তাবের পক্ষে ইতোমধ্যে ১০০টিরও বেশি দেশ সমর্থন জানিয়েছে, যা নিরাপত্তা কাউন্সিলের ইতিহাসে যেকোনো প্রস্তাবের ক্ষেত্রে সর্বোচ্চ সমর্থনের রেকর্ড।

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আগেও বলেছি, হরমুজ প্রণালিতে টোল ব্যবস্থার প্রবর্তন অগ্রহণযোগ্য। এটি কেবল যুক্তরাষ্ট্রের বক্তব্য নয়, পুরো বিশ্বই এ বিষয়ে একমত। যদি ইরান এমন কিছু করার চেষ্টা করে, তবে তা পুরো বিশ্বের জন্য হুমকি হিসেবে গণ্য হবে এবং এটি হবে সম্পূর্ণ বেআইনি।’

 

গত সপ্তাহে ট্রম্পের চীন সফরকালে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং চীনও এই পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে রুবিও বলেন, ‘বিশ্বের কোনো দেশই এমন শুল্ক ব্যবস্থার পক্ষে নয়। এটি কোনোভাবেই বাস্তবায়িত হতে পারে না। 

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পাকিস্তানি কর্মকর্তারা আজ তেহরানে যাবেন। আশা করি বিষয়টির আরও অগ্রগতি হবে। প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভালো চুক্তিকে প্রাধান্য দিয়েছেন। এটিই তার প্রাধান্য। ভালো চুক্তিই সবসময় তার প্রাধান্য ছিল। যদি আমরা একটি ভালো চুক্তি করতে পারি। তাহলে বিষয়টি অসাধারণ হবে।’

 

ইরানকে সতর্ক করে রুবিও বলেন, ‘কিন্তু যদি আমরা ভালো চুক্তি না করতে পারি, প্রেসিডেন্ট বরাবর পরিষ্কার— তার কাছে অন্য ব্যবস্থাও আছে। সে ব্যবস্থাটি কি আমি সেটি খোলাসা করব না। তবে সবাই জানেন এটি কি।’

Share This