দায়িত্ব গ্রহণের আগে সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক

দায়িত্ব গ্রহণের আগে সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গুরুত্বপূর্ণ বৈঠক

আন্তজার্তিক ডেস্ক : May 22, 2026

বাংলাদেশে দায়িত্ব গ্রহণের আগে ভারতের মনোনীত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। 

শুক্রবার (২২ মে) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ-ভারত সামরিক সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এএনআই’র প্রতিবেদনে বলা হয়, সীমান্ত নিরাপত্তা সমন্বয় এবং আঞ্চলিক কৌশলগত যোগাযোগের ধারাবাহিকতার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা ঢাকা-দিল্লি সম্পর্কের বর্তমান কূটনৈতিক বাস্তবতাকে সামনে এনেছে।

এদিকে, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন, ভারতের নাগরিকত্ব নীতি ও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে, এ বিষয়ে বাংলাদেশের মন্তব্য করার কিছু নেই।

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়েও সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করতে চায় সরকার।

সরকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

Share This