রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুতিরা

রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুতিরা

আন্তজার্তিক ডেস্ক : October 16, 2026

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মাসের প্রথম ১৫ দিনে অন্তত ২০ বার হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ দাবি করেছে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

রিয়াদে এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন পরিবহন কেন্দ্র ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে হুথিরা। বিমানবন্দর, সমুদ্রবন্দর, তেল স্থাপনা ও অন্যান্য অবকাঠামোর পাশাপাশি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।

এদিকে সংঘাত বৃদ্ধির মধ্যে গত কয়েক সপ্তাহে ইয়েমেনের হুতিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে ওমানে বৈঠকের প্রস্তাবে রাজি হয়নি গোষ্ঠীটি বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসিবিষয়ক উপমন্ত্রী ড. রায়েদ ক্রিমলি বলেন, সংঘাত তীব্র হওয়ার শুরুতে হুথিদের ওমানের রাজধানী মাসকাটে বৈঠকে বসার আহ্বান জানিয়েছিল সৌদি আরব। কিন্তু গোষ্ঠীটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। কয়েক সপ্তাহ আগে হওয়া ওই যোগাযোগই ছিল তাদের সঙ্গে সৌদি কর্তৃপক্ষের শেষ বার্তা।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

তবে সৌদি জোটের এ দাবি প্রত্যাখ্যান করেছে হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, বৃহস্পতিবার সৌদি আরবে কোনো হামলা চালানো হয়নি।
 

Share This