দেশের জনপ্রিয় ডিজে ও গায়িকা সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
হাসপাতালের বিছানায় শুয়ে তোলা একটি ছবি পোস্ট করে সনিকা লেখেন, “আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর।” পোস্টের সঙ্গে একটি সাদা হৃদয়ের ইমোজিও যুক্ত করেন তিনি। তার অসুস্থতার খবর প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা সামাজিকমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন।
২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন সনিকা। অল্প সময়ের মধ্যেই তিনি দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়ান তিনি।
২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে সম্মাননা পান সনিকা। পরে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। ২০১৪ সালে প্রকাশিত হয় তার প্রথম মিউজিক ভিডিও ‘ভল্লাগে’।
সংগীতের পাশাপাশি অভিনয়েও যুক্ত হন সনিকা। ২০১৫ সালে ছোটপর্দার ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেন তিনি।