হাসিনার বিষয়ে সিদ্ধান্ত হবে বিচারিক প্রক্রিয়ায় : তথ্য উপদেষ্টা

হাসিনার বিষয়ে সিদ্ধান্ত হবে বিচারিক প্রক্রিয়ায় : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : July 14, 2026

শেখ হাসিনা দেশে ফিরে আদালতে মামলার মুখোমুখি হবেন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই তার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

 

মঙ্গলবার (১৪ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 

ডা. জাহেদ বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় ডিসেম্বরে আসবেন বলে তিনি যে ঘোষণা দিয়েছেন, সেটিকে সরকারের পক্ষ থেকে স্বাগত জানাই। তিনি আসবেন, মামলা ফেস করবেন।

 

তথ্য উপদেষ্টা বলেন, ‘আইসিটিতে অবজারভার রাখার ব্যবস্থা রয়েছে, সেখানে ভিডিও ক্যামেরা রাখা যায়। আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী নন, আদালত যদি তাকে অন্য কোনো শাস্তি দেন বা খালাস দেয়, সেটাই হবে। সরকার চায় বিচার নিশ্চিত করতে। এজন্যই শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই।’

 

সংবিধান সংশোধন ও সংস্কারের মধ্যে মূলত শব্দগত পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘সংশোধনীর মাধ্যমেই রাষ্ট্রব্যবস্থা ও সংবিধানের গুরুত্বপূর্ণ কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। তবে কতটুকু পরিবর্তন হবে এবং কোন কোন বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি হবে, সেটিই মূল প্রশ্ন।’

 

জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন এবং এতে বিরোধীদলের সদস্যের নাম না থাকার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘বিরোধীদলের উচিত কমিটির আলোচনায় অংশ নেয়া এবং তাদের প্রস্তাব সংসদের ভেতরে তুলে ধরা।’

তিনি বলেন, ‘সংবিধান সংশোধন নাকি সংস্কার, এটি মূলত শব্দের বিষয়। আসল প্রশ্ন হলো, আমরা কতটুকু পরিবর্তন করতে চাই। সংশোধনীর মাধ্যমেই সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের বহু অংশে পরিবর্তন আনা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়। পরে আদালতের রায়ে ওই সংশোধনীর কয়েকটি অংশ বাতিল হয়েছে।’

বর্তমান সরকার জুলাইকে নিশ্চিতভাবে ধারণ করে। জুলাইয়ে গণ-অভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে, সরকার তা মানুষের কাছে ছড়িয়ে দিতে চায় জানিয়ে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেটার ভিত্তিতেই কাজ করবে সরকার। সনদের যে সব ক্ষেত্রে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো বিবেচনায় নেওয়া হবে না।’

বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পর্যন্ত সাতটি জেলার ৫৯টি উপজেলা বন্যাকবলিত। বন্যায় ১ লাখ ৫৫ হাজার পরিবার পানিবন্দি হয়েছে। এ পর্যন্ত ৫৪ জন মানুষ বন্যায় মারা গেছেন।’

 

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্লান্ট তৈরির প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ঢাকা শহরে দৈনিক ৩ হাজার টন বর্জ্য থেকে আমিন বাজারে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ উৎপাদন প্লান্ট তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। বর্জ্য বিদ্যুৎ বিনিয়োগ করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা ২০২৮ সাল বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।’

Share This