রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের অঞ্চলের দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধান এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সচিবালয়ে একটি উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান সানি।
বৈঠকে গুলশান, বনানী ও বারিধারা এলাকার জলাবদ্ধতা, সড়ক সংস্কার, ট্রাফিক ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় করণীয় নির্ধারণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নাগরিকদের পক্ষ থেকে এলাকার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এবং মহাসচিব মজিবুর রহমান মৃধা। এছাড়া সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকরাও সভায় অংশ নিয়ে নিজ নিজ এলাকার সংকট তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সভায় উপস্থিত সরকারি কর্মকর্তারা রাজধানীর গুরুত্বপূর্ণ এসব এলাকার উন্নয়নে সরকারের চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সব ধরনের সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তারা।