প্রয়াত মার্কিন ব্যবসায়ী ও কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক সংক্রান্ত নতুন তথ্য প্রকাশের পর যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন লর্ড পিটার বেঞ্জামিন ম্যান্ডেলসন। তিনি যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে এপস্টেইনের সঙ্গে যোগাযোগের বিস্তারিত ইমেইল প্রকাশের জেরে গত বছর ওয়াশিংটনে রাষ্ট্রদূতের পদ থেকে ম্যান্ডেলসনকে বহিষ্কার করে যুক্তরাজ্য সরকার।
রোববার লেবার পার্টির এই প্রভাবশালী নেতা জানান, জেফরি এপস্টেইনের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে যাতে দলকে আর কোনো বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে কারণেই তিনি স্বেচ্ছায় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতাসীন লেবার পার্টিকে আরও অস্বস্তিকর অবস্থায় ফেলতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফরি এপস্টেইন সংক্রান্ত নতুন নথি প্রকাশ করে। কয়েক লাখ পৃষ্ঠার এসব নথি প্রকাশের পর বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নতুন প্রকাশিত নথিতে ৭২ বছর বয়সি লর্ড ম্যান্ডেলসনের নাম উঠে আসে।
নথিতে উল্লেখ করা হয়, ২০০৩ ও ২০০৪ সালে তিনটি পৃথক লেনদেনের মাধ্যমে এপস্টেইন ম্যান্ডেলসনকে মোট ৭৫ হাজার ডলার প্রদান করেছিলেন।
এসব তথ্য প্রকাশের পর লেবার পার্টির সাধারণ সম্পাদককে চিঠি দিয়ে সদস্যপদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানান ম্যান্ডেলসন। চিঠিতে তিনি লেখেন, 'জেফরি এপস্টেইনকে ঘিরে সাম্প্রতিক ক্ষোভের সঙ্গে আমি আরও যুক্ত হয়ে পড়েছি। বিষয়টি নিয়ে আমি দুঃখিত ও অনুতপ্ত।'