প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. ইউনূস

প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক : May 27, 2026

ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা থেকে রওনা হয়ে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি (ট্রানজিট) শেষে তাঁর প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র তাঁর ঢাকা ছাড়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সাবেক সরকারপ্রধান হিসেবে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে যথাযথ ভিআইপি মর্যাদা ও প্রটোকল দেওয়া হয়। তবে তাঁর এই সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য বা সেখানে কী কী নির্ধারিত কর্মসূচি রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার নজিরবিহীন গণ-অভ্যুত্থানের পর দেশের এক ক্রান্তিকালে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। ওই বছরের ৮ আগস্ট তিনি শপথ নেন। তাঁর নেতৃত্বাধীন সরকারের অধীনেই গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব ছাড়ার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর বলে জানা গেছে।

Share This