রোহিঙ্গা প্রত্যাবাসনে সুইডেনের সক্রিয় ভূমিকা চায় ঢাকা

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুইডেনের সক্রিয় ভূমিকা চায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক : October 04, 2026

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখতে সুইডেনের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একইসঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ, প্রকৌশল ও টেলিযোগাযোগসহ বিভিন্ন খাতে সুইডিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। বৈঠকে বাংলাদেশ-সুইডেন সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সুইডেনকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে সুইডেনের সহযোগিতার প্রশংসা করেন তিনি।

অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ, প্রকৌশল ও টেলিযোগাযোগ খাতে আরও সুইডিশ বিনিয়োগের আহ্বান জানান হুমায়ুন কবির।

বাংলাদেশের এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্য ব্যবস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।

 

অভিবাসন প্রসঙ্গে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দক্ষ জনশক্তি তৈরি ও কারিগরি প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে রাষ্ট্রদূত নিকোলাস উইকস বাংলাদেশ-সুইডেন সম্পর্ক আরও জোরদারে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ এবং রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তার প্রশংসা করেন তিনি।

বহুপাক্ষিক ফোরামে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন সুইডিশ রাষ্ট্রদূত।

Share This