উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : September 07, 2026

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

অর্থমন্ত্রী বলেন, ‘৫০ কোটি টাকার এ প্রকল্পটি একটি পরীক্ষামূলক উদ্যোগ। যারা ব্যাংকে যেতে ভয় পান, তাদের ঋণ দিয়ে কর্মসংস্থানে যুক্ত করা এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই কর্মসংস্থান ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। নতুন প্রকল্পের আওতায় দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।’

 

তিনি বলেন, ‘সরকার সৃজনশীল অর্থনীতি নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে। প্রান্তিক পর্যায়ের সৃজনশীল মানুষকে শুধু ঋণ দেওয়া হচ্ছে না, তাদের প্রশিক্ষণের পাশাপাশি পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনেও সহায়তা করা হচ্ছে।’

কর্মসংস্থান ব্যাংককেও এ ধরনের কর্মসূচি নেওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেন, ‘সৃজনশীল অর্থনীতি কোনো দাতব্য কার্যক্রম নয়, বরং এটি অর্থনীতির অংশ। গানসহ বিভিন্ন ধরনের সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিদেরও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা সম্ভব। তাদের সৃজনশীলতাকে বাজারযোগ্য করে অর্থনীতির মূলধারায় আনতে চায় সরকার।

 

মন্ত্রী বলেন, ‘সৃজনশীল অর্থনীতিতে মনোযোগ দেওয়া হলে এর মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।’

কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণ নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। 

তিনি বলেন, ব্যাংকটির খেলাপি ঋণ বা অনাদায়ী ঋণের হার ৪ শতাংশ থেকে কমিয়ে ১ থেকে ২ শতাংশে নামিয়ে আনতে পারলে ভালো হবে। কর্মসংস্থান ব্যাংক ভালো করছে এবং ব্যাংকটি মুনাফাও করছে।’

Share This