রাজধানীর মিরপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। অভিযানকালে পুলিশের সঙ্গে ফুটপাতে বসা দোকানদারসহ অবৈধভাবে সড়ক দখলকারীদের সঙ্গে সংর্ঘষ ঘটেছে। আগুন দেওয়া হয়েছে দোকানেও। এসময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহের চেষ্টা করতে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে মিরপুর ১৩ নম্বর এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এদিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্স ভাঙচুর করা হয়।
উল্লেখ্য, রাজধানীতে বিভিন্ন এলাকায় পথচারীদের নির্বিঘ্ন ও অবাধ চলাচল নিশ্চিত করতে ফুটপাথের অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এরই প্রেক্ষিতে বুধবার সকালে মিরপুর ১৩ নম্বর থেকে ১০ নম্বর পর্যন্ত সড়কে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ডিএমপি।
এদিকে সংঘর্ষের বিষয়ে ট্রাফিক এলার্ট নামক একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। সেখানে খুব বেশি দরকার না থাকলে মিরপুর ১০ নম্বর এবং আশপাশের এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানাচ্ছেন নাগরিকরা।
পোস্টে বলা হয়েছে, হকার উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে গন্ডগোল হচ্ছে।