বাংলাদেশ বিমান বাহিনীর ১২তম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের (এসসিসি) সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে অবস্থিত কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার।
অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ শরিফুল ইসলাম এবং কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মো. জাহিদ আশরাফ প্রধান অতিথিকে স্বাগত জানান।
স্বাগত বক্তব্যে ইনস্টিটিউটের অধিনায়ক কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। এবারের কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
স্কোয়াড্রন কমান্ডারদের কার্যকর ব্যবস্থাপনা ও নেতৃত্ব প্রদানের দক্ষতা বাড়ানোই এ কোর্সের মূল উদ্দেশ্য। ২০০৯ সাল থেকে এ কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণসংক্রান্ত দায়িত্ব পালনে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আসছেন।
প্রধান অতিথি প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে অর্জিত জ্ঞান ও দক্ষতার যথাযথ প্রয়োগের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি সফলভাবে কোর্স পরিচালনার জন্য কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।