ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিত না করার আহ্বান

ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিত না করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : November 22, 2026

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বক্তব্য বিকৃত, বিভ্রান্তিকর বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে সংস্থার কোনো কর্মকর্তা বা সদস্যের বক্তব্য গ্রহণের আগে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দুটি রাজনৈতিক হত্যাকাণ্ডের পর নিহতদের সহমর্মীদের প্রতিক্রিয়ায় নড়াইলে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধির বক্তব্য কয়েকটি গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়েছে। এ ছাড়া সংস্থার বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশের বিষয়টি তাদের নজরে এসেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো কোনো গণমাধ্যম ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা না বলেই তাঁর নামে বক্তব্য প্রকাশ করেছে। আবার কোথাও কর্মকর্তার বক্তব্যের আংশিক বা অসংগত ব্যাখ্যা দিয়ে ঘটনার প্রকৃত চিত্রের চেয়ে অতিরঞ্জিত তথ্য তুলে ধরা হয়েছে। এতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথার্থতা ও প্রেক্ষাপট যাচাই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

সংস্থাটি জানায়, পাঠকপ্রিয়তা, প্রচারসংখ্যা কিংবা ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা উপেক্ষা করা উচিত নয়। বিশেষ করে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার মতো স্পর্শকাতর ঘটনায় যাচাইবিহীন বা বিভ্রান্তিকর তথ্য প্রচার জনমনে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে তা সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফায়ার সার্ভিস একটি সেবাধর্মী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সংস্থার সদস্যরা পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাই সংস্থার নাম জড়িয়ে কোনো তথ্য বা বক্তব্য প্রকাশের আগে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন।

এ অবস্থায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ফায়ার সার্ভিসের বক্তব্য কিংবা কার্যক্রমসংক্রান্ত তথ্যের জন্য সংস্থার মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা বা দুর্যোগস্থলে উদ্ধারকাজ চলাকালে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের অপ্রয়োজনীয় সাক্ষাৎকারের জন্য অনুরোধ বা প্ররোচিত না করার আহ্বান জানানো হয়। এতে উদ্ধারকাজে নিয়োজিত সদস্যদের মনোযোগ ও কর্মপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি সেবার জন্য নির্ধারিত সময় ও জনবলের অপচয় হতে পারে।

এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য সম্পর্কে অবগত নন, এমন কর্মকর্তা বা সদস্যের পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত ও যথাযথ কর্তৃত্বসম্পন্ন ব্যক্তির বক্তব্য নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, তারা গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। গঠনমূলক সহযোগিতার মাধ্যমে সংস্থাকে অনাকাঙ্ক্ষিত বিতর্কের বাইরে রাখা এবং জনস্বার্থে সঠিক তথ্য প্রচার, উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে তারা।

Share This