বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা। মঙ্গলবার (২ জুন) স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় স্পিকার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে মনোনয়ন দেওয়ার জন্য স্পেন সরকারের সমর্থন কামনা করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, “বাংলাদেশের সঙ্গে স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি গন্তব্য। স্পেন সরকার বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”
সাক্ষাতকালে তারা উভয়ই বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উত্তরণ পরবর্তী বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া দুই দেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক স্থাপন, তৈরি পোশাক রফতানি, এলএনজি এবং জ্বালানি সংকট নিয়ে মতবিনিময় করেন।
রাষ্ট্রদূত এসময় জাতীয় সংসদের ‘স্পিকার’ পদে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।