অস্ট্রেলিয়ার মেলবোর্নে রোবিলে অবস্থিত ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে থেকে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর একটি বিশালাকার ব্রোঞ্জ ভাস্কর্য চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ৪২৬ কেজি ওজনের এই ভাস্কর্যটি নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস উপহার হিসেবে দিয়েছিল।
স্থানীয় সংবাদমাধ্যম অস্ট্রেলিয়া টুডে জানিয়েছে, চোরেরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’ ব্যবহার করে ভাস্কর্যটি পায়ের অংশ থেকে কেটে নিয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ভাস্কর্যটির কেবল পায়ের তালু দুটি বেদিতে রয়ে গেছে, বাকি অংশ গায়েব।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের সদস্য সান্তোস কুমার জানিয়েছেন, চুরির আংশিক দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
বিশাল এই ব্রোঞ্জ মূর্তির ধাতব মূল্য অনেক বেশি হওয়ায় পুলিশ স্থানীয় ব্রোঞ্জ ব্যবসায়ীদের সতর্ক করেছে। কেউ যদি এটি গলিয়ে বা খণ্ড অবস্থায় বিক্রির চেষ্টা করে, তবে দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে সাবেক অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসনের উপস্থিতিতে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল। দুঃখজনকভাবে স্থাপনের ২৪ ঘণ্টার মধ্যেই একবার এটি ভাঙচুরের শিকার হয়েছিল।
এখন পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। ভিক্টোরিয়া পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।