টোল প্লাজা ও মহাসড়কে বাড়তি নিরাপত্তায় বিজিবি মোতায়েন

টোল প্লাজা ও মহাসড়কে বাড়তি নিরাপত্তায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক : May 26, 2026

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক, টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৩টি বিশেষ টিম। যানজট নিয়ন্ত্রণ, নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২১ মে থেকেই মাঠে কাজ শুরু করেছে বাহিনীটি।

মঙ্গলবার (২৬ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু এলাকায় বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাইপাইল, নবীনগর ও মেয়র হানিফ ফ্লাইওভার এলাকায় কয়েকটি টিম দায়িত্ব পালন করছে। এছাড়া পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, কাঁচপুর, মদনপুর, মোগড়াপাড়া, মেঘনা সেতু, কাঞ্চন সেতু, মুক্তারপুর সেতু, গাজীপুর চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকাতেও মোতায়েন রয়েছে বিজিবি সদস্যরা।

এছাড়া দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কপথের মধ্যেও রয়েছে যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম পাড়, চট্টগ্রামের শাহ আমানত কর্ণফুলী সেতু, খুলনার রূপসা খান জাহান আলী সেতু, কিশোরগঞ্জের ভৈরব সেতু, কুষ্টিয়া ও পাবনা প্রান্তের লালন শাহ সেতু এবং নাটোরের গুরুদাসপুর আত্রাই টোল প্লাজা এলাকা।

বিজিবি বলছে, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করায় মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে তারা কাজ করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, নবীনগর, সাভারে দায়িত্ব পালনকারী টিমের যোগাযোগ নম্বর ০১৭৬৯-৬১০৪০৪ এবং বাইপাইল, সাভার এলাকায় ০১৭৬৯-৬১০০৪০। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলাকায় দায়িত্বপ্রাপ্ত টিমের নম্বর ০১৭৬৯-৬১০৪১০।
এ ছাড়া মেয়র হানিফ ফ্লাইওভার টোল প্লাজা এলাকায় ০১৭৬৯-৬১০৬৪১, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ০১৭৬৯-৬১০৬৪৩ এবং পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় ০১৭৬৯-৬১০৬৪৪ নম্বরে যোগাযোগ করা যাবে।
মেঘনা সেতু টোল প্লাজা এলাকায় দায়িত্বপ্রাপ্ত টিমের নম্বর ০১৮২৩-৭৯৮২৫৭, কাঞ্চন সেতু টোল প্লাজায় ০১৭৬৯-৬১০৫২২ এবং মদনপুর-কাঁচপুর এলাকায় ০১৭২৫-৯৫৫১৯১।
এছাড়া মোগড়াপাড়া এলাকায় ০১৭২১-৩৫৬৪৭৪, মুক্তারপুর সেতু এলাকায় ০১৭৬৯-৬১০৫২১ এবং গাজীপুর চৌরাস্তা এলাকায় দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের সঙ্গে ০১৭৪৫-৭০৩৮৫৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
ঈদযাত্রায় কোনও ধরনের জরুরি পরিস্থিতি, যানজট বা নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতার প্রয়োজন হলে সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিজিবি।

Share This