বাংলাদেশের মতো ভারতেও সরকার বদলের চেষ্টা চলছে: প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের মতো ভারতেও সরকার বদলের চেষ্টা চলছে: প্রতিরক্ষামন্ত্রী

আন্তজার্তিক ডেস্ক : October 16, 2026

বাংলাদেশের মতো ভারতেও সরকার পরিবর্তনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিরোধী দল কংগ্রেস ও তাদের মিত্রদের তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিরোধীরা তরুণদের রাজনৈতিক সংঘাত ও নৈরাজ্য ছড়ানোর কাজে ব্যবহার করছে।

 

ভাতরীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে, শুক্রবার উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে বিজেপির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করার অধিকার দেয় না উল্লেখ করে রাজনাথ সিং বলেন, কংগ্রেস ও তাদের রাজনৈতিক মিত্ররা তরুণদের শক্তিকে গঠনমূলক কাজ ও দেশ গঠনে কাজে লাগানোর পরিবর্তে রাজনৈতিক সংঘাত তৈরিতে ব্যবহার করছে। দেশের তরুণদের নৈরাজ্যের রাজনীতিতে ঘুঁটি বানানো হচ্ছে।

২০২৪ সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও তাদের মিত্ররা প্রকাশ্য সংবাদ সম্মেলনে সরকার পরিবর্তনের জন্য বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা বলছে।

 

বিরোধীদের এই বক্তব্য থেকে বোঝা যায়, তাদের লক্ষ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া।

এর আগে গত মঙ্গলবার এক ভিডিও বার্তায় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) নেত্রী নেহা বোরা বলেছিলেন, ভারতে চলমান বিক্ষোভ ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ প্রজন্মের আন্দোলন থেকে অনুপ্রাণিত।

 

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে উল্লেখ করে নেহা বোরা আরো বলেছিলেন, ‘আমাদেরকে পথ দেখানোর জন্য ও ভারতের তরুণসমাজের প্রতি সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা জানি, বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল তা ছিল, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই।

Share This