সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত

সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : November 05, 2026

বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রামের হালিশহরে অবস্থিত আর্টিলারি সেন্টার ও স্কুলে তিন দিনব্যাপী এসব আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আর্টিলারি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল অবদানের কথা তুলে ধরেন।

এ সময় তিনি রেজিমেন্টের সার্বিক উন্নয়ন, পরিবর্তিত যুদ্ধপরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং ভবিষ্যৎ আভিযানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। পাশাপাশি পেশাগত উৎকর্ষ বজায় রেখে সব সময় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান মনোমুগ্ধকর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন এবং আর্টিলারি রেজিমেন্টের প্রাক্তন ও বর্তমান সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য, সংহতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

এ ছাড়া আর্টিলারি সদস্যদের আধুনিক প্রশিক্ষণে পাঁচ দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এর আগে, গত ৩ নভেম্বর আর্টিলারি রেজিমেন্টের ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে তাকে শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক ও জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার তাকে কর্নেল কমান্ড্যান্টের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক, ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সামরিক ও বেসামরিক কর্মকর্তা, আর্টিলারি রেজিমেন্টের বর্তমান ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Share This