লিওনেল মেসিকে অধিনায়ক রেখেই বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরটি হবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ডের ষষ্ঠ বিশ্বকাপ।
২০২২ সালে কাতারে বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যই আছেন এবারের স্কোয়াডে। মেসির পাশাপাশি রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজসহ ১৭ জন ফুটবলার।
তবে গুঞ্জন থাকলেও অবসর ভেঙে দলে ফেরানো হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান গত বিশ্বকাপ ফাইনালের গোলদাতা।
ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপ মিস করা মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবার দলে জায়গা পেয়েছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে দলে থাকলেও কোনও ম্যাচ খেলা হয়নি তার। এবার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলার অপেক্ষায় আছেন তিনি।
এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন কয়েকজন তরুণ ফুটবলারও। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, হোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবার বিশ্বকাপ খেলার অপেক্ষায়।
অন্যদিকে, ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের লেফট ব্যাক মার্কোস আকুনা ফিটনেস সমস্যার কারণে জায়গা হারিয়েছেন।
‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর তাদের প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।
ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে মানুয়েল লোপেজ ও লাউতারো মার্টিনেজ।