স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) জন্য বিশেষ নজরদারি ও আড়ি পাতার যন্ত্র কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ খাতে ব্যয় ধরা হয়েছে ৯৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার ১৩৭ টাকা।
বুধবার (২০ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, এনটিএমসির ‘এক্সপানশন অব কন্টেন্ট ব্লকিং অ্যান্ড ফিল্টারিং সিস্টেম (ফেজ-১)’ প্রকল্পের আওতায় যন্ত্রপাতি কেনা হবে। প্রকল্পটি রাষ্ট্রীয়ভাবে অতি গোপনীয় ও সংবেদনশীল বিবেচনায় সীমিত দরপত্র পদ্ধতিতে ক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়।
এ লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন ৯টি প্রতিষ্ঠানের কাছে দরপত্র আহ্বান করা হলেও তিনটি প্রতিষ্ঠান কারিগরি ও আর্থিক প্রস্তাব জমা দেয়। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।
পরবর্তীতে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্রান্ড পিএলসি–এর কাছ থেকে সিস্টেমটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।