বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে নিষ্ঠার আহ্বান বিমান বাহিনী প্রধানের

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে নিষ্ঠার আহ্বান বিমান বাহিনী প্রধানের

নিজস্ব প্রতিবেদক : July 14, 2026

বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

 

সোমবার (১৩ জুলাই) তিনি স্কুলটি পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) ও আদার্স' উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব (OWCC)-এর সভাপতি এবং বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধান বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষা কার্যক্রম, বিভিন্ন থেরাপি সেবা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বিক বিকাশমূলক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি শিশুদের শিক্ষা, থেরাপি ও সামগ্রিক বিকাশে ‘ব্লু স্কাই’-এর আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন।

 

এ সময় তিনি শিক্ষক, থেরাপিস্ট, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও শিশুদের সর্বোত্তম বিকাশ নিশ্চিত করতে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখার আহ্বান জানান।

 

পরিদর্শন উপলক্ষে ‘ব্লু স্কাই’-এর শিক্ষার্থীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

 

এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান সদরের এয়ার অধিনায়ক, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, অভিভাবক এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Share This