ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : September 14, 2026

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু ১৫৭ জনের। এ ছাড়া একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৭৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে ৩ জন করে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (৩৮৮ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৩০২ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ১৯১, বরিশাল বিভাগে ১৯১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০, রাজশাহী বিভাগে ১৪৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩, ময়মনসিংহ বিভাগে ১১০, রংপুর বিভাগে ৮৬ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Share This